দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে এবার লঞ্চের ভাড়াও বাড়তে যাচ্ছে। সোমবার (৮ আগস্ট) দুপুর ১২টায় লঞ্চ মালিক সমিতির নেতাদের সঙ্গে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৭ আগস্ট) দুপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি বলেন, লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণে সোমবার দুপুর ১২টায় সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। এছাড়া সভায় লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শনিবার (৬ আগস্ট) বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৮০ পয়সার জায়গায় দুই টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটার দুই টাকা ১৫ পয়সার জায়গায় দুই টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।