বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য, ভাড়া সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য সকল অংশীজনকে এগিয়ে আসতে হবে। দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে নিজেদের সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্যোগী হতে হবে।
তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাসে বর্ধিত ভাড়া আদায়ে অনিয়ম দেখতে পেলে যাত্রীরা বা অন্য যে কেউ প্রমাণসহ অভিযোগ করতে পারেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ উত্থাপন করতে পারলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো।
মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুরের সাগুফতা মোড়ে শিমু ড্রাইভিং সেন্টার মিলনায়তনে গাড়িচালক প্রশিক্ষক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড্রাইভার টেকনিক্যাল কোম্পানি লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী ও সাংবাদিক পার্থ সারথি দাস।
ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নুর নবী শিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে ২৬ জন গাড়িচালক প্রশিক্ষককে সনদপত্র দেওয়া হয়। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন কাজী আবুল আল তাহিয়া।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান আরও বলেন, সড়ক নিরাপদ রাখার জন্য দক্ষ চালকের বিকল্প নেই। দক্ষ চালক তৈরির জন্য তাই ধারাবাহিকভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে এজন্য এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্যে ওসমান আলী বলেন, মালিক ও শ্রমিকদেরকে একত্রিত হয়ে প্রশিক্ষণের বিষয়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যেতে হবে। রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম চালিয়ে যেতে হবে।
সাংবাদিক পার্থ সারথি দাস বলেন, সড়কের দুর্ঘটনা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে। এই দুর্ঘটনার একটি বড় কারণ অদক্ষ চালক। গাড়ি চালনায় চালকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে হবে। এজন্য বিনিয়োগ বাড়াতে হবে।