ভেজাল ওষুধের বিস্তার রোধে ‘ওষুধ আইন ২০২২’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে ভেজাল ওষুধ উৎপাদন কিংবা বিক্রয়, লাইসেন্স ব্যতীত ওষুধ উৎপাদন ও মজুদ অথবা বিতরণ করলে সর্বোচ্চ ১০ বছর জেল এবং ১০ লাখ টাকার শাস্তির বিধান রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ১৯৪০ সালের ড্রাগ অ্যাক্ট এবং ১৯৮২ সালের ড্রাগ অর্ডিন্যান্স সমন্বয় করে আইনটি বিশদভাবে করা হয়েছে। আগে আইনে ধারা ছিল ৪১টি, এখন ১০৩টি। এরমধ্যে অপরাধের সাজার ব্যাপারে ধারা ২২টি।