জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগরী ও দূরপাল্লার গণপরিবহনের বর্ধিত ভাড়া কার্যকরের পর ৭ আগস্ট থেকে রাজধানীতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃপক্ষ। এর পঞ্চম দিন বৃহস্পতিবার (১১ আগস্ট) অতিরিক্ত ভাড়া আদায়ে রাজধানীর ২৪ টি বাস থেকে ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১০ টি স্থানে অভিযান চালায় বিআরটিএ-র ১০ টি ভ্রাম্যমাণ আদালত। উপ-পরিচালক হেদায়েত উদ্দিন (এনফোর্সমেন্ট) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রুট ভায়োলেন্স,রুট অনুমোদনবিহীন গাড়ি, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন ও অন্যান্য অপরাধের দায়ে ৯৫ টি বাসের ৯৫ মামলা থেকে ৩ লক্ষ ২০ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
বিআরটিএ-র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) আজিজুল ইসলাম, ও উপ-পরিচালক হেদায়েত উদ্দিন
(এনফোর্সমেন্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।