উদ্বোধনের দেড় মাসের মাথায় আরেকবার পদ্মা সেতু পাড়ি দিয়ে ব্যক্তিগত সফরে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১২ আগস্ট) সকাল পৌনে এগারোটার দিকে তিনি নিজ বাড়িতে পৌঁছান।
সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সোয়া ৮টায় তার গাড়িবহর পদ্মা সেতু পার হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর গত ৪ জুলাই পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফর করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
ওই দিন সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে পৌনে ৯টার দিকে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন তিনি।