বাংলাদেশ থেকে যেসব দেশে অর্থ পাচার হয়, তাদের কাছে তথ্য চাইলে কোনো দেশই দিতে চায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘এটা তাদের (দেশগুলোর) মজ্জাগত সমস্যা।’
শুক্রবার (১২ আগস্ট) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অর্থ পাচারের তথ্য চেয়ে বাংলাদেশ সরকারের ‘সুনির্দিষ্ট’ কোনো অনুরোধ পাননি জানিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার এমন বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবারও একই ধরনের মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘তিনি এটা মিথ্যা কথা বলেছেন।’
বুধবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টকে’ সাংবাদিকদের প্রশ্নে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়া বলেন, সুইস ব্যাংকে অর্থ জমা করা বাংলাদেশিদের বিষয়ে কোনো তথ্য সরকার তাদের কাছে চায়নি।
‘এসব বিষয়ে (তথ্য পাওয়ার বিষয়ে) কীভাবে একটি চুক্তিতে পৌঁছানো যায়, সে বিষয়ে সরকারকে সব ধরনের তথ্য আমরা দিয়েছি। কিন্তু আলাদাভাবে অর্থ জমা করার বিষয়ে কোনো অনুরোধ আসেনি।’
অর্থ পাচারের তথ্য চেয়ে সরকার কোনো অনুরোধ করেনি?- এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, এরকম ‘সুনির্দিষ্ট’ কোনো অনুরোধ তারা পাননি।