আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
শুক্রবার (১২ আগস্ট) সকালে ওবায়দুল কাদের তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।
বিএনপি নেতাদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজপথ কারও পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’
আওয়ামী লীগকে অচিরেই রাজপথে দেখা যাবে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘বিএনপির হাঁকডাক লোক দেখানো, কর্মীদের চাঙা রাখার অকৌশল মাত্র, তাদের এসব ব্যর্থতা ঢাকার কৌশলী অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।’
বিএনপি চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ সৃষ্টি করতে, আবার হাওয়া ভবন তৈরি করে দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে হাঁটতে। কিন্তু জনগণ তাদের এ সুযোগ আর কখনো দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। জনগণের প্রতি আস্থাহীন বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে ভয় পায় বলেও মন্তব্য করেন কাদের।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়াই বিএনপির মঙ্গল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এসব দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই।