আওয়ামী লীগ রাজপথে পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন।
‘বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় পুরানো বক্তব্যই দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে।
আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলে মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, জ্বালানি তেল, পানি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে। সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আরফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছি আমরা। তিনি একজন নিরহংকারী মানুষ ছিলেন। বাংলাদেশের ক্রীড়া অগ্রগতির ভিত্তি তার মাধ্যমে রচিত হয়েছে। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে শপথ নিয়েছি। এই শোককে শক্তিকে রূপান্তরিত করে এই ভয়াবহ দানবীয় সরকার সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।
এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।