দেশে চালের বাজার নিয়ন্ত্রণে ১ সেপ্টেম্বর থেকে চাল খোলা বাজারে বিক্রি (ওএমএস) করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দেশব্যাপী দুই হাজার ১৩ জন ডিলারের মাধ্যমে চাল ওএমএসে বিক্রি করা হবে এবং একই সঙ্গে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচিও শুরু হবে।
রোববার (১৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
বাজারে চালের দাম আবার বাড়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, আমরা আশাবাদী কারণ সামনে আমন উঠবে। কিন্তু আমরা আমনের জন্য বসে থাকব না, আগামী ৩১ আগস্ট পর্যন্ত আমাদের বোরো সংগ্রহের শেষ সময়। আমরা ১ সেপ্টেম্বর থেকে ৫০ লাখ পরিবার বা চার কোটি মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চালু করছি।
খাদ্যমন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি একসঙ্গে চালু হলে আমি মনে করি চালের দাম স্থিতিশীল অবস্থায় চলে আসবে। আমাদের সরকারি মজুত আছে, আমরা তো মানুষের জন্যই মজুত করি। যারা এ চাল নিবে তাদের তো বাজার থেকে আর চাল কিনতে হবে না। সেখানে তো আমরা ভরসা করতেই পারি।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরের কর্মাভাবকালীন ৫ মাস (মার্চ-এপ্রিল, সেপ্টেম্বর-নভেম্বর) পরিবার প্রতি ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। অন্যদিকে ওএমএস কর্মসূচির আওতায় যে কেউ ডিলারের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।
এক সেপ্টেম্বর থেকে প্রতিদিন দুই হাজার ১৩টি ডিলারের মাধ্যমে ওএমএস কর্মসূচি চলবে। জেলা, উপজেলা, পৌরসভাসহ সব স্থানে ওএমএস চলবে বলেও জানান তিনি।