রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনে ৬ জন নিহত এবং উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডারের চাপায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সরকারপ্রধান।
গতকাল দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারের ‘বরিশাল হোটেলে’ আগুনের ঘটনায় ৬ জন নিহত হন। এদিকে একই দিনে উত্তরায় ক্রেন দিয়ে বিআরটি প্রকল্পের একটি গার্ডার তোলার সময় ওই দুর্ঘটনা ঘটে। ভারসাম্য রাখতে না পারায় ক্রেনটি একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে।
তাতে গাড়ির ভেতরেই দুই শিশুসহ পাঁচজনের প্রাণ যায়। ওই পরিবারের আরও দুই সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।