প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২০ সেনা সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তাদেরকে প্রশংসাপত্র প্রদান ও ব্যাজ (ইনসিগনিয়া) পরিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তাদের মধ্যে দুইজন আভিযানিক সফলতার জন্য পুরস্কৃত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এ পুরস্কার দেয়া হয়।

প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ইনসিগনিয়া পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান (ছবি-আইএসপিআর)
এছাড়া, তিনি ২০২১-২০২২ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার প্রাপ্ত ১১ সেনাসদস্য ও সেনাবাহিনীতে কর্মরত অসামরিক ব্যক্তিকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। বাংলাদেশ সরকারের বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে এ বছর সর্বমোট ২৫৭ জনকে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সেনাপ্রধান (ছবি-আইএসপিআর)
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকতার মাধ্যমে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া এবং জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়। এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পদবীর অফিসার, জেসিও ও সৈনিকরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের এই স্পৃহা সকলের জন্য পাথেয়। তিনি সেনাবাহিনীর সকল সদস্যদের এ ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা দেন।
একইদিনে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মিরপুর ডিওএইচএসে নবনির্মিত কালচারাল সেন্টার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিওএইচএস পরিষদের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টার উদ্বোধন করছেন সেনাবাহিনী প্রধান (ছবি-আইএসপিআর)
মিরপুর ডিওএইচএস কালচারাল সেন্টারটিতে ব্যাংক, কনভেনশন হল, উন্নত চিকিৎসা সুবিধা, কর্পোরেট অফিস, জিমনেশিয়াম, সেলুন, পার্লার, ক্যাফে, ই-গেমিং জোনসহ সম্ভাব্য সকল আধুনিক নাগরিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে। যা এই এলাকায় বসবাসরত জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে সেনাবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।