পরবর্তী প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অফিসের নতুন সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এ কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের জন্য গ্রুপ বিমা করার চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বুধবার থেকে দেশের সরকারি অফিসে নতুন অফিস সময় শুরু হয়েছে। এ নতুন অফিস সময় শীতকালেও বহাল থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপাতত এটা করা হয়েছে, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত। এখন দিনের সময়টা অনেক বড়। আলো পাওয়া যাচ্ছে অনেক আগে। সে ক্ষেত্রে এ আলোকে ব্যবহার করতে চান। আপাতত সেচব্যবস্থার ক্ষেত্রেও এটি লাগবে। পরে আবার সমন্বয় করা হবে।
বুধবার স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা এক ঘণ্টা আগে অফিসে এসেছেন বলেও জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
এক প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে চমৎকার সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। এক ঘণ্টা আগে অফিস বন্ধ করতে পারলেও বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা এক ঘণ্টা আগে সঠিক সময়ে অফিসে এসেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএসএফের সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।