বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে কে ক্ষমতায় থাকবে।
রোববার (২৮ আগস্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
দেশে বিদ্যুৎ-জ্বালানিসহ চলমান অর্থনৈতিক সংকট শিগগির কেটে যাবে এবং সুদিন ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের এ নেতা।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেছেন, গুজবে কান দেবেন না। বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে, সুদিন ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।
এদেশে আর ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট এবং ২০০৪ সালের ২১ আগস্টের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিলো। তাদের হাতে এখনো সেই রক্তের দাগ দগদগ করছে।
তিনি বলেন, বিএনপি লুণ্ঠনের মাধ্যমে ‘হাওয়া ভবন’ তৈরি করেছিলো, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কালো টাকার পাহাড় যারা গড়েছিল, যারা বাংলাদেশের কোটি কোটি কালো টাকা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।
ওবায়দুল কাদের আরো বলেন, জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এদেশকে ফিরিয়ে দিতে চায় না। কোনোদিন ফিরিয়ে দেবেও না।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে শোকসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।