খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আউশ ধান বাজারে উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে। এছাড়া চালের বাজার নিয়ন্ত্রণে দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্যবান্ধব এবং ওএমএস কর্মসূচি চালু করেছে। আউশ ধান পুরোদমে বাজারে উঠলে কিছুদিনের মধ্যে চালের দাম সহনীয় মাত্রায় চলে আসবে।
রোববার (২৮ আগস্ট) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকায় আউশ ধানের ক্ষেত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, চলতি বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। গত বোরো মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে কৃষকেরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, সেটা অনেকটা পুষিয়ে নিতে পারবেন।
সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে কৃষকেরা আউশ উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার। আউশ চাষে সরকার প্রান্তিক কৃষকদের ব্যাপক প্রণোদনা দিয়েছে। কৃষকেরা যে আশা নিয়ে আউশের চাষ করেছিলেন, তাঁদের সেই আশা পূরণ হয়েছে। বাজারে ধানের দামও ভালো আছে। কৃষকেরা ভালো লাভবান হবেন।
কৃত্রিম সংকট তৈরি করে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করা হলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে চালের যথেষ্ট মজুত আছে। এর মধ্যে আউশ ধানও বাজারে উঠতে শুরু করেছে। এ পরিস্থিতিতে চালের দাম বাড়ার কোনো কারণ দেখছি না। কৃত্রিম সংকট তৈরি করে অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীল করলে ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।