দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ সভা হবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের কথা শুনবেন এবং তাদের দিকনির্দেশনা দেবেন।
গত ৯ আগস্ট দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন চা বাগানগুলোর প্রায় দেড় লাখ শ্রমিক। সে সময় প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করলেও ১৩ আগস্ট থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন।
পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মজুরি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের ওপর ভিত্তি করে শ্রমিকদের একটি অংশ ১৪৫ টাকা মজুরিতে কাজে ফিরেছেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মজুরির বিষয়টি নির্ধারিত হবে বলে জানানো হয়।
কিন্তু এই ঘোষণার পরেও শ্রমিকদের আরেকটি অংশ সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত কাজে ফিরতে রাজি হননি।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মালিকদের সঙ্গে বৈঠক করে মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন। সবাই এই ঘোষণা মেনে নিয়ে কাজে যোগ দেন।