রাজধানীতে ভাঙ্গারি মালামালের আড়ালে মাদক পরিবহনকালে ৩৯ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-২। শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোরে মোহাম্মদপুর বেড়িবাধঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন এএসপি মো. ফজলুল।
গ্রেফতাররা হলেন- মো. মেরাজ হাসান (২০) ও মো. রনি (৩২)।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধঁ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান তল্লাশী করে অভিনব উপায়ে লুকিয়ে রাখা ৩৯ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্পমূল্যে গাঁজা কিনে এনে রাজধানীর বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রি ও সরবরাহ করে আসছিল তারা।
গ্রেফতার রনি মাদক মামলায় চার মাস কারাভোগের পর গত ২৬ আগস্ট জামিনে মুক্ত হয়। তার বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মাদক মামলা এবং মেরাজ হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মো. ফজলুল হক।