এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে যোগদান করলেন পুলিশের অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ দায়িত্ব বুঝে নেন।
এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
গোপালগঞ্জ সদর থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া এস এম রুহুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এস এম রুহুল আমিন ১২তম বিসিএস ব্যাচের পুলিশ ক্যাডার হিসেবে প্রথম স্থান অধিকার করেন। তিনি ৯১ সালের ২০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার ( এএসপি ) হিসেবে যোগদান করেন।
বর্ণাঢ্য কর্মময় জীবনে এস এম রুহুল আমিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার, সিলেট জেলার পুলিশ সুপার, ঢাকায় সিআইডির বিশেষ পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশের এই কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোস্ট ও দক্ষিণ সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের হয়ে কাজ করেছেন।