রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামির জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।
তারা হলেন- মো. জীবন (৪২), সেলিম (৪১), নুরুল ইসলাম (৪৫),আনসার সদস্য এনামুল (৩৫), ফারুক (৪০) ও আব্দুস সবুর (৪২)।
বুধবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের জামিন না দিয়ে তাদের আবেদন ফেরত দেন। আদালতে তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা পরে গণমাধ্যমকে বলেন, ‘আদালত বলেছেন, এ মামলায় আসামিদের জামিন আবেদন আমরা শুনব না। আপনি আবেদন ফেরত নিয়ে যান।’ আমরা এখন অন্য কোর্টে জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করব— বলেন তিনি।
গত ৫ সেপ্টেম্বর রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিক মো. হাবিবুর রহমান ওরফে বুলবুল হাবিব (৩৬) বাদী হয়ে মহানগর রাজপাড়া থানায় মামলা করেন। মামলায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডাররক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের পিয়ন সেলিম (৪১), নির্বাহী পরিচালকের পি এ নুরুল ইসলাম (৪৫), আনসার সদস্য এনামুল (৩৫), দপ্তরের পিয়ন ফারুক (৪০) ও ড্রাইভার আব্দুস সবুরকে (৪২) আসামি করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এজাহারে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এটিএন নিউজের দুই সাংবাদিকের ওপর হামলা হয়। ওই ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু এখনও কেউ গ্রেপ্তার হয়নি।