'ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই' বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদার ভাইরাল হওয়া স্ট্যাটাসের সবচেয়ে আলোচিত অংশ এটি।
সানজিদার এই স্ট্যাটাসে মন ছুঁয়ে গেছে সবার। রাতে নেপালের দশরথে রেফারির শেষ বাশি বাজার পর যেন ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়ার দাবি গণদাবীতে পরিণত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৩-১ গোলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলার মেয়েরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন—এবার কি সানজিদাদের জন্য ছাদখোলা চ্যাম্পিয়ন বাসের আয়োজন হবে? দাবি ওঠে, মেয়েরা মর্যাদা রাখলো, জাতির জন্য শিরোপাও আনলো। এবার তাদের যথাযোগ্য মর্যাদা দিক বাফুফে। একইসঙ্গে নারী ক্রিকেট ও ফুটবল দলের প্রতি বৈষম্যের ইঙ্গিত করে অনেকে প্রশ্ন তোলেন, এদের জন্য সুযোগ-সুবিধা দিতে আর যেন কার্পণ্য না থাকে।
পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, ছাদখোলা বাসেই সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাবে ক্রীড়া মন্ত্রণালয়। এয়ারপোর্টে থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে করে সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের জন্য দারুণ এক গর্বের দিন। তারা বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে। সানজিদা আক্ষেপ করে বলেছিল হয়তো তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে না। তার আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করছি।’
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'নারী ফুটবলের এই অর্জনে আমরা গর্বিত। তাদের সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে। আশা করছি, এই প্রচেষ্টা নারী ফুটবল দল ও ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হলেও আনন্দ দেবে।'
তিনি বলেন, 'সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই এ কাজটা আমরা আমাদের মতিঝিল ডিপোতে শুরু করেছি।'
মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। একইসঙ্গে বাসের গায়েও স্টিকার লাগানো হবে।
বুধবার (২১ সেপ্টেম্বর) কৃষ্ণা ও সানজিদারা যখন বাংলাদেশে ফিরবেন, তখন বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তারা। সড়কেও হয়তো থাকবেন ফুটবলপ্রেমীরা। তাদের অভিবাদনের জবাব নারী ফুটবলাররা ছাদখোলা বাস থেকেই দিতে পারবেন।