বাজারে চাল, আটা–ময়দা, ডিম, মুরগির মাংস ও টয়লেট্রিজ পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা তৈরির অভিযোগে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) কমিশন সূত্রে জানা গেছে, চালের জন্য রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস, বেলকন গ্রুপ, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড; আটা-ময়দার জন্য সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ; ডিমের জন্য প্যারাগন পোলট্রি, ডিম ব্যবসায়ী-আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানউল্লাহ্, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল ইসলাম; মুরগির জন্য কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল ইসলাম, প্যারাগন পোলট্রি লিমিটেড; টয়লেট্রিজ পণ্যের জন্য ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক—মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্র জানায়, চালের বাজারে সংকটের জন্য কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপ প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের নামে মামলা করা হয়েছে। একই কারণে সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটা, ময়দার বাজারে সংকট তৈরির অভিযোগে সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নামে আরেকটি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ডিমের বাজারে সংকট তৈরি করায় প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, কাজী ফার্মস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহেদুল হাসান এবং ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে।
পাশাপাশি মুরগির বাজারে সংকটের দায়েও প্যারাগন পোলট্রি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, কাজী ফার্মস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কাজী জাহেদুল হাসানের নামে একটি করে আরও দুটি মামলা হয়েছে।
দেশের বাজারে নিত্যপণ্যের (সাবান, সুগন্ধী সাবান, গুঁড়া সাবান, ইত্যাদি) সংকট তৈরির অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের নামে মামলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চাল আটা-ময়দা, ডিম, ব্রয়লার মুরগী ও টয়লেট্রিজ পণ্যের সংকট তৈরি এবং অস্বাভাবিক দাম বাড়িয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন মামলা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাকিভাবে তাদের শুনানি হবে।