রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুটের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব প্রবাসীদের কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয় চক্রটি।
শনিবার (১ সপ্টেম্বর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করতো একটি চক্র। চক্রের মূলহোতা মো. আমির হোসেন। তার বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। আমির ও তার তিন সহযোগীকে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
র্যাব জানিয়েছে, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।