নরসিংদীর রায়পুরায় সবজির হাটে মালবাহী ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক সিলেটের উদ্দেশে যাচ্ছিল। মালবাহী ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সবজির হাটে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী ও হাটের একজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা নেওয়ার পরে আরও দুজন মারা যান। বাকী চারজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ব্রেকফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।