দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির মেয়াদ আগামী ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার। ছয়টি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
সোমবার (৩ অকেটাবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মাহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, মাশফি অ্যান্ড ব্রাদার্স, কে.বি এন্টারপ্রাইজ, সিগোল্ড এক্সপোর্ট ইন্টারন্যাশনাল, জনতা ফিস অ্যান্ড ফিস বাজারের ভারতে ইলিশ রপ্তানির অনুমতিপত্রের আগের শর্ত অপরিবর্তিত রেখে ৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হলো।
দুর্গাপূজা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর ভারতে ইলিশ রফতানির জন্য ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। শর্তসাপেক্ষে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। সে হিসাবে মোট ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়।
এসব ইলিশের চালান ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। যার প্রথম চালান গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে দুটি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়।
এরপর ৭ সেপ্টেম্বর বরিশাল থেকে দুটি ট্রাকে করে ৭ টন ইলিশ ভারতে পাঠানো হয়। আর সবশেষ ৯ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের উনকোট জেলায় ২ হাজার কেজি ইলিশ পাঠানো হয়।
গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।