রাজধানীর বাড্ডায় রেবাইদ এলাকায় বিদ্যুস্পৃষ্টে দুইজন নিহত এবং আহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন জুয়েল ফকির (৩০) ও শহিদুল ইসলাম (৩৫) এবং আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)। সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ
দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
আহত অবস্থায় তাদের পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জুয়েল ফকির ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ঢামেকে চিকিৎসা চলছে।