ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হজের জন্য ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না।। মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ হজে যেতে পারবেন।
এ সময় রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলে নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী হজ কেমন হবে প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকারের সঙ্গে আমাদের যতটুকু অনানুষ্ঠানিক কথা হয়েছে, এবার হয়তো পূর্ণ হজই হবে ইনশাআল্লাহ। গেল বছরের মতো হবে না। এবার হয়তো রেশিও হিসেবে আমরা যতটুকু পাওয়ার ততটুকু পাবো।
তিনি বলেন, আর ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টিও এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে তাদের কাছে জানতে পেরেছি। এটা (৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনে বাধা না থাকা) যদি হয়, তাহলে আমাদের সিরিয়াল মেইনটেইন করে সহজে হয়ে যাবে।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো, যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো।