এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি আর্নাক্স। বৃহস্পতিবার(৬অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ১১৯তম নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে।
নোবেল জয়ের পর ফরাসি এই লেখক বলেছেন, লেখালেখি একটি রাজনৈতিক কাজ; যা সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের চোখ খুলে দেয়। যে কারণে তিনি ভাষাকে ‘ছুরি’ হিসাবে ব্যবহার করেন, তার মতে— এই ছুরি কল্পনার আবরণ ছিঁড়ে ফেলে।
রয়্যাল সুইডিশ একাডেমি বলেছে, ২০২২ সালের সাহিত্যে নোবেলজয়ী অ্যানি এরনাক্স লেখনীর মাধ্যমে মুক্তির শক্তিতে বিশ্বাস করেন। তার কাজ আপসহীন এবং সহজ-সরল আর প্রাঞ্জল ভাষায় লেখা, ঝকঝকে পরিষ্কার।
১৯৪০ সালের ১ সেপ্টেম্বর ফ্রান্সের লিলিবন শহরে জন্মগ্রহণ করেন ফরাসি এই সাহিত্যের অধ্যাপক। ইউনিভার্সিটি অব রুয়েন নরম্যান্ডি মন্ট-সেইন্ট-অ্যাগনান ক্যাম্পাস থেকে পড়াশোনা করেন তিনি।
অ্যানি আর্নাক্স ৩০টিরও বেশি সাহিত্যকর্ম লিখেছেন। নিজের লেখায় ধারাবাহিকভাবে এবং বিভিন্ন কোণ থেকে জীবনে লিঙ্গ, ভাষা ও শ্রেণি সম্পর্কিত বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেছেন তিনি।
তাকে এ বছরের নোবেলজয়ী হিসেবে বেছে নেওয়ার ব্যাখ্যায় একাডেমি বলছে, অ্যানি এরনাক্স একেবারে ধারাবাহিকভাবে এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিঙ্গ, ভাষা আর শ্রেণি বিভাজন সম্পর্কিত প্রবল বৈষম্যে ভরা জীবনের গল্প তার লেখায় পরীক্ষা-নিরীক্ষা করেন।
পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন সাহিত্যের এই নোবেলজয়ী। গত বছর ভাগ্যাহত শরণার্থীদের জীবনের দুঃখ-দুর্দশা আর তাদের জীবনে ঔপনিবেশিকতার প্রভাব নিজের লেখনীতে দ্ব্যর্থহীনভাবে ফুটিয়ে তুলে সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ।
করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে ছোট আকারের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে আয়োজক কমিটির বাইরে অন্য কোনও অতিথি উপস্থিত ছিলেন না।
তবে এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সঙ্গে গত দুই বছরের বিজয়ীদেরও ডিসেম্বরের নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানাবে। সেখানে ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মূল্য ১ কোটি সুইডিশ ক্রোনারের (প্রায় ৯ লাখ ডলার) পাশাপাশি বিজয়ীদের হাতে একটি সনদ ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে।