দেশে আটকে পড়া শ্রমিকদের ভিসা সমস্যা সমাধানে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানিকে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কাজাখস্তানের আস্তানায় ষষ্ঠ সিকা শীর্ষ সম্মেলনে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানির সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান তিনি। এ সময় তারা দুই দেশের সম্পর্ক জোরদারের ব্যাপারে আলোচনা করেন।
বৈঠকে ড. মোমেন কোভিড-১৯ অতিমারীর পূর্বে ছুটিতে এসে আটকে পড়া বাহরাইন প্রবাসী বাংলাদেশীদের ফেরত নেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান।
পাশাপাশি আগ্রহী অবশিষ্ট প্রবাসীরাও যাতে একইভাবে ফিরে যেতে পারে সে বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
এসময় আটকে পড়া প্রবাসী পরিবারের সদস্যরাও যাতে ফিরে যেতে পারে সে ব্যাপারেও বাহরাইনের মন্ত্রীর সহযোগিতা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বাংলাদেশীদের জন্য ভিসা সহজীকরণের জন্যও অনুরোধ জানান।
বৈঠকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং কোভিড-১৯ এর কারণে ভিসা সংক্রান্ত যে বিধি নিষেধ আরোপিত হয়েছে তা পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে বলে ড. এ কে আব্দুল মোমেনকে অবহিত করেন।
বৈঠকের শেষে ড. মোমেনকে বাহরাইনে অনুষ্ঠিতব্য আসন্ন ১৮তম মানামা সংলাপে যোগদানের আমন্ত্রণ জানানোয় তিনি বাহরাইনের মন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বৈঠকে অংশগ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।