ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ শনিবার (১৫ অক্টোবর) তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন।
সুলতান শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। পরে বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন তিনি। ৭টা ৩৫ মিনিটে দরবার হলে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান। বৈঠক শেষে সোমবার (১৭ অক্টোবর) দেশে ফিরে যাবেন তিনি।
সুলতানের এই সফরটি বাংলাদেশে ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর হবে। সে কারণে সফরটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সুলতান ঢাকা সফরকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
ব্রুনাইয়ের সুলতানের ঢাকা সফরকালে তিনটি চুক্তি ও সমঝোতা সই হবে। এগুলো হলো- ১. দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি। ২. বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক। ৩. দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটেরে স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক।
জ্বালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সঙ্কট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রুনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সুলতানের সফর বিলম্বিত হয়।