বিএনপি আন্দোলন করতে গিয়ে সহিংস হয়ে উঠবে কিনা এ নিয়ে ভয়ে আছে সরকার জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, এত বছরে বিএনপি খালেদা জিয়ার জন্য চোখে পড়ার মতো কোনও আন্দোলন করতে পারেনি। তাই তাদের মুখে আন্দোলন করে সরকার হটানোর কথা মানায় না। কিন্তু আন্দোলনের করতে গিয়ে তারা সহিংস হয়ে উঠবে কিনা তা নিয়ে ভয়ে আছে সরকার। দেশের মানুষকে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করার জন্য সরকার চেষ্টা করবে। সরকারের কথা হলো, শান্তিপূর্ণ কর্মসূচি করতে হবে।
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আগেও হস্তক্ষেপ করা হয়নি, এবারও করা হবে না। নির্বাচন কমিশনের অধীনে দেশে আগামী নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনগতভাবে বাতিল হয়ে গেছে। সেটার ভূত এখনও নামাতে পারছে না বিএনপি। উচ্চ আদালত থেকে যা বাদ হয়েছে তা আর আসবে না।
তিনি বলেন, ইভিএমের বিপরীতে কথা বলা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। ইভিএমে স্বচ্ছ ভোট হবে, এ জন্য সরকার চায় শতভাগ ইভিএম হোক। বিএনপি কোন যুক্তিতে এর বিরোধিতা করছে?