দ্রুত ধাবমান ধূমকেতু সিক্সটি সেভেন-পি চুরিমভ-গেরাসিমেনকোর বুকে ছোট্ট রোবটযান ফিলির অবতরণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানে সৃষ্টি হলো এক নতুন ইতিহাসের। বাংলাদেশ সময় বুধবার রাত ১০ টার দিকে এই প্রথম কোন ধূমকেতুতে রোবট নামলো। ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোজেটা উপগ্রহ থেকে এটি ধূমকেতুতে অবতরণ করে।
এদিকে, রোবটযান ফিলির কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, পরিকল্পনা অনুযায়ী রোবট ফিলি তার নির্ধারিত জায়গায় নেই। প্রথম ধাপে এর হারপুন ধূমকেতুর পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হতে ব্যর্থ হলে রোবটযান ফিলি আরো দুবার অবতরণের চেষ্টা করে সফল হয়।
এ মাহেন্দ্রক্ষণে ঘটে গেলে অবিস্মরণীয় ও ঐতিহাসিক এক ঘটনা আর এটি ঘটেছে পৃথিবী থেকে ৫০ কোটি কিলোমিটার দূরের ধূমকেতু সিক্সটি সেভেন-পি চুরিমভ-গেরাসিমেনকোর পৃষ্ঠে। এই প্রথম কোন ধূমকেতুতে নামলো মানুষের তৈরি রোবটযান (ফিলি)।
এর আগে একই দিন দুপুরে ওই ধূমকেতুর কাছাকাছি অবস্থানরত ইউরোপীয়ান স্পেস এজেন্সির রোজেটা থেকে বিচ্ছিন্ন হয় রোবটযানটি। আর এটি ধূমকেতুর পুষ্ঠে অবতরণ করতে সময় নেয় ৭ ঘন্টা। রোজেটার অভিযানে ইইউভুক্ত দেশগুলোর পাশাপাশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
৬৭-পি চুরিমভ-গেরাসিমেনকো নামের ৪ কিলোমিটার দীর্ঘ ধূমকেতুটি ঘন্টায় ৩৪ হাজার মাইল বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। রোবট ফিলি ওই ধূমকেতুর আবহমণ্ডল, গ্যাস, ধূলিকণা, তাপমাত্রা, ভর ও মধ্যাকর্ষণ নিয়ে গবেষণা চালাবে। গবেষকদের প্রত্যাশা,অভিযান সফল হলে ৪৫০ কোটি বছর আগে সৌরজগত সৃষ্টির সময়কার প্রকৃত রহস্য সম্পর্কে জানা যাবে।
এদিকে, রোবটযান ফিলি'র কাছ থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, পরিকল্পনা অনুযায়ী এটি তার নির্ধারিত অবস্থানে নেই। ধূমকেতুর পৃষ্ঠের সঙ্গে সংযোগ স্থাপনে রোবটটির হারপুন- প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হলে ফিলি আরো দুবার অবতরণের চেষ্টা চালায়। আর প্রথমবারের মতো ধূমকেতুতে অবতরণের পর রোবট ফিলির ভাগ্যে কী ঘটেছে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা।