এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী। তারা হলেন : জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকাকি কাজিতা ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার বি ম্যাকডোনাল্ড।
পদার্থের অণুতে নিউট্রিনোর রূপ বদলের স্বরূপ খুঁজতে গিয়ে এই কণার ভর থাকার ইঙ্গিত পান তারা। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি এ দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
তাকাকি কাজিতার গবেষণায় উঠে এসেছে, নিউট্রিনো উৎপত্তিগতভাবে পরিবেশে দুটি ভিন্ন পরিচয়ে বিদ্যমান। অপর বিজ্ঞানী ম্যাকডোনাল্ড প্রমাণ করেন, সূর্য থেকে নিউট্রিনো পৃথিবীতে আসার সময় তা বিলীন হয়ে যায় না, বরং এরা বিভিন্ন পরিচয়ে থাকে।
গবেষণার ফলাফলে এ দুই বিজ্ঞানী বলেন, নিউট্রিনো কণার ভর রয়েছে, তবে তা খুবই সামান্য।
নোবেল কমিটি বলেছে, তাদের গবেষণা পদার্থের গভীরে কি ঘটছে সে বিষয়ে সবার ধারণা বদলে দিয়েছে।