আগামী তিন বছরের মধ্যে আউটসোর্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রায় ১০ লাখ মানুষের জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মঙ্গলবার সকালে রাজধানীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজিত এক ফ্রিল্যান্সার সম্মেলনে এ তথ্য দেন তিনি।
আগামী ২০২১ সালে আউটসোর্সিং থেকে বাংলাদেশ ২৪ হাজার কোটি টাকা আয় করবে—এ কথা উল্লেখ করে এ মন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার এরইমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এ খাতে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের কথা মাথায় রেখে সরকার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে।
এর অংশ হিসেবে সরকার দেশের সব স্কুলে হাই স্পিড ইন্টারনেট সংযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
আউটসোর্সিং এ তরুণ উদ্যোক্তাদের নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি আয়োজন করে ফ্রিল্যান্সার সম্মেলন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলায়েইন্সের সভাপতি সান্তিয়াগো গোতিয়ারেজ।
মুল প্রবন্ধে তিনি বলেন, তরুণ প্রজন্মের উদ্দীপনা এবং মেধা কাজে লাগাতে পারলে আউটসোর্সিয়ে বাংলাদেশ নেতৃত্বের আসনে বসতে পারে বলে জানান তিনি।
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান বলেন, প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও যথাযথ নীতিমালার অভাবে বাংলাদেশ এ খাতে সেভাবে এগুতে পারছে না।