কমান্ড দেয়ার সঙ্গে সঙ্গে রোবটটি কাজ করছে। শুধু তাই নয় এ রোবট অদূর ভবিষ্যতে বাসা বা অফিস থেকে শুরু করে ছোটখাটো আরো অনেক কাজে সাহায্য করবে মানুষকে। বিভিন্ন সময় এই রোবট হবে আপনার বন্ধুও।
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করেছে বাংলাদেশের তরুণরা। তারাও এখন তৈরি করছে রোবট, ড্রোন বা জাহাজের ব্লাক বক্স।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একদল উদ্ভাবনী তরুন এক মাসের প্রচেষ্টায় তৈরি করেছে রোবটটি। এমন সব অসাধারণ উদ্ভাবনী যন্ত্র দিয়ে আইসিটি এক্সপো ২০১৬ তে আসা দর্শনার্থীদের তাক লাগিয়ে দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্ভাবকরা বলছেন, সরকারি বা বেসরকারি সাহায্য সহায়তা পেলে এসব উদ্ভাবনী যন্ত্র ভুমিকা রাখতে পারবে মানুষের দৈনন্দিন জীবনে।
অংশগ্রহণকারীরা বলছেন, সহযোগিতা পেলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবেন তারাও।
এতে সামরিক বাহিনীর নিরাপত্তায় ব্যবহারের জন্য ড্রোন যেমন স্থান পেয়েছে, তেমনি লঞ্চ দুর্ঘটনার কারণ জানতে উড়োজাহাজের ব্ল্যাক বক্সের আদলে তৈরি করা হয়েছে ব্ল্যাক বক্স।
পুরো এক্সপো জুড়েই দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী যন্ত্র।