চীনের বিখ্যাত মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারক কোম্পানী শাওমি আজ বুধবার Mi 6X হ্যান্ডসেট বাজারজাত করার ঘোষণা দিতে পারে। এই সেটটিকে কোম্পানীটি Mi A2 নামে বাজারজাত করবে যাতে থাকবে স্টক এ্যান্ড্রয়েড ওএস।
ইতিমধ্যেই এই সেটের কিছু ছবি ও ভিডিও বিভিন্ন অনলাইন সূত্রের মাধ্যমে লিক হয়েছে। এছাড়াও জানা গেছে এমআই ৬এক্স এর প্রায় পরিপূর্ণ কনফিগারেশন ও স্পেসিফিকেশন।
জানা গেছে, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজসহ সেটের মূল্য রাখা হতে পারে প্রায় ২৪ হাজার টাকা। আর, ৬জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজযুক্ত সেটের দাম রাখা হতে পারে ২৬,৫০০ টাকা।
Xiaomi Mi 6X এ থাকছে ৫.৯৯ ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি স্ক্রীন, যার রেজুলুশন হবে ১০৮০ x ২১৬০ পিক্সেলস। ১৮:৯ এসপেক্ট রেশিওর পাশাপাশি সেটের চারপাশের থাকলে ন্যূনতম বেজেল, যা রেডমি নোট ৫ এবং রেডমি নোট ৫ প্রো এর ডিজাইনের মতই। এতে থাকছে ১৫৮.৮৮ x ৭৫.৫৪ x ৭.৩ ডাইমেনশনের মেটাল বডি।
এই সেটের পিছনে থাকছে সনি’র ১২ মেগাপিক্সেল এফ/১.৮ এ্যাপারচার ফেজ-ডিটেকশন অটোফোকাস ক্যামেরা। অপরটি ২০ মেগাপিক্সেলের সনি’র সেকেন্ডারি ক্যামেরা, যার এ্যাপারচার এফ/২.২। দুই ক্যামেরার মাঝে থাকছে দু’টি ফ্ল্যাশ লাইন।
ছবি তোলার পাশাপাশি ৪কে ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকছে এই সেটে।
আর, সেলফির জন্য আছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটি আবার ১০৮০পি ভিডিও রেকর্ড করতে পারে।
Mi 6X এর ওএস’র শক্তি যোগাবে এ্যান্ড্রয়েড ৮.১ ওরিও-বেসড MIUI ইন্টারফেস, সাথে থাকছে Qualcomm Snapdragon 660 প্রসেসর।
আরও জানা গেছে, এই হ্যান্ডসেটের কয়েকটি ভার্সনে বাজারজাত করা হবে। একটিতে ৪ জিবি মেমোরি+৩২ জিবি স্টোরেজ, ৪জিবি মেমোরি+৬৪ জিবি স্টোরেজ, ৬জিবি মেমোরি+৬৪ জিবি স্টোরেজ এবং ৬জিবি মেমোরি+১২৮ জিবি স্টোরেজ। আরও স্টোরেজ যুক্ত করার জন্য মাইক্রোএসডি কার্ডের ব্যবস্থা থাকছে। তবে, কেউ যদি দ্বিতীয় সিম ব্যবহার করেন তবে, মাইক্রোএসডি কার্ডের মায়া ত্যাগ করতে হবে, কারণ, দ্বিতীয় সিমের জায়গাতেই যে বসানো হয়েছে মাইক্রোএসডি’র স্লট।
ফিচারগুলোর মধ্যে থাকছে A-GPS, GLONASS, 4G LTE, VoLTE, Wi-Fi a/b/g/n/ac, Wi-Fi Direct, Bluetooth 5.0, IR port, USB Type-C port, এবং একটি 3.5mm হেডফোনের পোর্ট।
তবে, হতাশার ব্যাপারে রয়েছে এর ব্যাটারীতে। ৫.৯৯ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লের সাথে ২৯১০ এমএএইচ ব্যাটারীর ব্যাকআপ টাইম গ্রাহকদের মনকে কিভাবে ভরবে তা ভবিষ্যতেই বলা যাবে। এর ব্যাটারী কুইক চার্জ সাপোর্ট করে।