গুগলের আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করার কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে গুগল। এ কাজে সহায়তা করায় উরুগুয়ের এক কিশোরকে ৩৬ হাজার মার্কিন ডলারের বেশি ‘বাগ বাউন্টি’ দিয়েছে গুগল।
এমএসএন’র প্রতিবেদন থেকে জানা যায়, ইজেকিয়েল পেরেইরা নামের ওই কিশোর যে ত্রুটি বের করেছেন তা ব্যবহার করে গুগলের অভ্যন্তরীন ব্যবস্থায় পরিবর্তন আনার সুযোগ পেতেন তিনি।
“আমি প্রায় তাৎক্ষণিকভাবেই এমন কিছু খুঁজে বের করতে পেরেছি যার মূল্য ৫০০ মার্কিন ডলারের বেশি এবং এটি দারুণ একটি অনুভূতি ছিল। তখন থেকেই আমি চেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই,” বলেন পেরেইরা।
তিনি আরও বলেন, “আমার খুবই ভালো লাগছে যে, আমি এতো গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার করতে পেরেছি।”
চলতি বছরের শুরুতেই এই ত্রুটি খুঁজে পান পেরেইরা। সম্প্রতি তাকে ত্রুটি নিয়ে লেখার অনুমতি দেওয়া হয়। গুগলের পক্ষ থেকে ত্রুটি সারানোর বিষয়টি নিশ্চিত করার পরই এটি প্রকাশ করার অনুমতি পেয়েছেন তিনি।
এ নিয়ে পাঁচটি বাগ আবিষ্কার করলেন পেরেইরা। কিন্তু সবশেষটিই হলো সবচেয়ে লাভজনক। এর জন্য তাকে মোট ৩৬৩৩৭ মার্কিন ডলার দিয়েছে গুগল। প্রথমবার তাকে মূল্য পরিশোধ করার সময় তার বয়স ছিল ১৭ বছরের এক মাস কম।
১০ বছর বয়সে প্রথম কম্পিউটার পান পেরেইরা। ১১ বছর বয়সে প্রোগ্রামিংয়ের প্রাথমিক ক্লাসে অংশ নেন তিনি। এরপর থেকে নিজে নিজেই বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ ও কৌশল শিখেছেন তিনি।
২০১৬ সালে এই কোডিং কনটেস্ট জেতার পর তাকে ক্যালিফোর্নিয়া প্রধান কার্যালয় ভ্রমণে নিয়ে যায় গুগল।