অ্যাপলের ডিভাইসগুলো থেকে যতদ্রুত সম্ভব ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক বাদ দিতে চাইছে প্রতিষ্ঠানটি।
অল-ইন-অল লাইটনিং কানেক্টরের স্বার্থে আগামী প্রজন্মের সব ধরনের ডিভাইস থেকে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক বাদ দেওয়ার এই পরিকল্পনা করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এরই অংশ হিসেবে নতুন আইপ্যাড প্রো মডেলে বাদ দেওয়া হতে পারে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আইপ্যাডগুলোর আকারও কিছুটা কমানো হতে পারে।
জাপানি সাপ্লাই চেইন সাইট মাকোটাকারা এক প্রতিবেদনে জানায়, নতুন ১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো ২৪৭.৫ মিলিমিটার লম্বা, ১৭৮.৭ মিলিমিটার চওড়া এবং ৬ মিলিমিটার পুরু হতে পারে। বর্তমানে ১০.৫ ইঞ্চি আইপ্যাড প্রো’র আকার ২৫০.৬ মিলিমিটার লম্বা, ১৭৪.১ মিলিমিটার চওড়া এবং ৬.১ ইঞ্চি পুরু।
অন্যদিকে নতুন ১২.৯ ইঞ্চি আইপ্যাড প্রো’র আকার হতে পারে লম্বায় ২৮০ মিলিমিটার, চওড়ায় ২১৫ মিলিমিটার এবং ৬.৪ মিলিমিটার পুরু। বর্তমান ১২.৯ ইঞ্চি আইপ্যাডের আকার ৩০৫.৭ মিলিমিটার লম্বা, ২২০.৬ মিলিমিটার চওড়া এবং ৬.৯ মিলিমিটার পুরু।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন থেকে জানা যায়, আসন্ন আইপ্যাডে যোগ করা হতে পারে ফেইস আইডি। ধারণা করা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে কাজ করবে না ফেইস আইডি।
প্রতিবেদনে বলা হয়, আইপ্যাডের নিচ থেকে লাইটিনিং কানেক্টর অন্যত্র সরানো হতে পারে। আর কিবোর্ডের জন্য স্মার্ট কানেক্টর এবার বসানো হতে পারে আইপ্যাডের নিচের দিকে। এর থেকে ধারণা করা হচ্ছে নতুন আইপ্যাডটি নকশা করা হবে পোরট্রেইড মোডে কাজ করার জন্য।