যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভুয়া খবর ছড়ানো নিয়ে সমালোচিত হওয়ার পর ফেসবুক এবার নড়েচড়ে বসেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব দেশেই ফেসবুকের জনপ্রিয়তা কমতে থাকে। এক পর্যায়ে ফেসবুকের শেয়ারেও দেখা হয় ধ্বস। ফেসবুকে যে কোন পেজ খুলে কনটেন্ট প্রচার করার ক্ষেত্রে এবার ফেসবুকের কাছে ব্যবহারকারীদের অবস্থানের তথ্য দিতে হবে, সেই সাথে যেতে হবে টু-ফ্যাক্টর অথিনটেকেশনের মধ্য দিয়ে। ফেসবুক ভুয়া খবর বন্ধের লক্ষ্য নিয়ে এ প্রক্রিয়া চালু করছে। আর এই নতুন ফিচার ভুয়া খবর বন্ধে নতুন এক পদক্ষেপ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের পেজের নিরাপত্তা আরও বাড়াতে নতুন হালনাগাদের ঘোষণা দিয়েছে। আপাতত যুক্তরাষ্ট্রভিত্তিক পেজগুলোর ক্ষেত্রে পেজেস পাবলিশিং অথোরাইজেশন বা অনুমোদন প্রয়োজন হবে।
১০ আগস্ট, শুক্রবার ফেসবুক নতুন এ ফিচারের ঘোষণা দেয়।
টেকক্রাঞ্চের খবরে বলা হয়, অনুমোদনের জন্য পেজটি কোন দেশ থেকে তৈরি এবং পেজের লোকেশন বা অবস্থান অবশ্যই উল্লেখ করতে হবে।
ফেসবুক জানিয়েছে, যারা ফেসবুক পেজ চালান বা পেজের অ্যাডমিন হিসেবে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিছুটা কঠোর হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পেজের সঙ্গে ‘পিপল হু ম্যানেজ দিস পেজ’ নামে একটি সেকশন যুক্ত হবে, যেখানে পেজ ব্যবস্থাপকদের সম্পর্কে তথ্য থাকবে।
পেজে পোস্ট দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়মনীতির মধ্যে থাকতে হবে। পেজ মালিকদের টু-ফ্যাক্টর অথেনটিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এমনকি কোনো কিছু পোস্ট করার আগে তাদের অবস্থান (প্রাইমারি হোম লোকেশন) ফেসবুককে নিশ্চিত করতে হবে।
পেজের অনুমোদন দেওয়ার বিষয়টিও ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে দেবে।