যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপলের বাজার মূল্য এক ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। রবিবার কোম্পানির শেয়ার ৭ শতাংশ পড়ে গেলে সাময়িকভাবে মূল্য কমে ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে যায়।
চলতি বছরের সেপ্টেম্বরে অ্যাপলের আর্থিক মূল্য দাঁড়ায় ১ ট্রিলিয়ন ডলার। ফলে প্রথম কোনো পাবলিক কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের খাতায় নাম লেখায় প্রতিষ্ঠানটি।
বিবিসি খবরে বলা হয়, চলতি বছর আয় বাড়াতে অ্যাপল ফোনের দাম বাড়িয়ে দেয়। আর এতে গত তিন মাসে বিক্রি খুব বেশি না বাড়লেও ভালো মুনাফা পেয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের একই প্রান্তিকের (তৃতীয় প্রান্তিক) চেয়ে অ্যাপলের আয় বেড়েছে ২০ শতাংশ বা ৬২ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর মুনাফা করেছে ১৪ দশমিক ১ বিলিয়ন ডলার।
গত বছর জুলাই আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে ৪ কোটি ৬৭ লাখ আইফোন বিক্রি হয়। আর এ বছর একই সময় অ্যাপলের ৪ কোটি ৬৯ লাখ আইফোন বিক্রি হয়েছে যা গত বছরের তুলনায় কিছু বেশি।
এছাড়াও, ২০১৮ এর শেষ ৩য় প্রান্তিকে এসে দেখা যায়, ভারতে রুপির দাম পড়ে যাওয়ায় ভারতীয়দের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, আর তাতেই আইফোনের বিক্রি খাড়া পড়ে যায়। এই প্রান্তিকে গত বছরের তুলনায় ১ লক্ষ আইফোন বিক্রি কমে যায়।