ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের আয় আগে কখনো জানায়নি অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগল। এবার প্রথমবারের মতো আয় প্রকাশ করেছে তারা।
২০১৯ সালের চতুর্থ প্রান্তিকের আয় প্রকাশ করেছে অ্যালফাবেট। সেখানে অক্টোবর-ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইউটিউব ৫০০ কোটি ডলার আয় করেছে বলে জানায়।
গুগলের মালিকানায় ইউটিউবের ১৫ বছর চলছে। কিন্তু এবারই প্রথম আয় সম্পর্কে জানালো গুগল।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শুধু ইউটিউব থেকেই গুগলের আয় হয়েছে দেড় হাজার কোটি মার্কিন ডলার। যা গুগলের মোট বার্ষিক আয়ে ১০ শতাংশ।
এসব আয় হয়েছে ইউটিউবে দেখানো বিভিন্ন বিজ্ঞাপন থেকে। অবশ্য বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের এখন আয়ের পথ হচ্ছে এর পেইড গ্রাহক।
বর্তমানে মাধ্যমটিতে পেইড গ্রাহক সেবা নেয় দুই কোটি মানুষ। তারা মূলত কোনো বিজ্ঞাপন দেখতে চায় না বলেই ইউটিউবের প্রিমিয়াম সেবাটি কেনে।
এছাড়াও ২০ লাখ গ্রাহক ইউটিউব টিভি সাবস্ক্রাইব করেছে।
অন্যদিকে অ্যালফাবেটের ২০১৮ সালের তুলনায় মুনাফা বেড়েছে ১৭ শতাংশ। যা যেকোনো সময়ের চেয়ে বেশি বলে বলা হচ্ছে।