আইফোন এসই ২ এসেছে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে।
এতে শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা থাকলেও ডিসপ্লের আকার অন্যান্য ফোনের তুলনায় বেশ ছোট। স্ক্রিন দেখে যারা হতাশ হয়েছেন তাদের জন্য সুখবর হলো আইফোন এসই প্লাস আনছে অ্যাপল। বছরের শেষ দিকে ফোনটি বাজারে আসতে পারে।
আইফোন এসই প্লাসের অস্তিত্ব শনাক্ত হয় মার্চে, আইওএস ১৪ এর কোডে। তথ্যটি সর্বপ্রথম সামনে আনেন ফ্রন্ট পেইজ টেক ইউটিউব চ্যানেলের ইউটিউবার জন প্রসার।
অন্যান্য সূত্র থেকে জানা যায়, ফোনটিতে ৫ দশমিক ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, টাচ আইডি সেন্সর, এ১৩ চিপসেট, ৩ জিবি র্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৭ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে।
গত সপ্তাহে অনলাইনে, আইফোন এসই ২ উন্মোচন করা হয়। ফোনটির দাম ধরা হয় ৩৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ হাজার ৫১৬ টাকা)। ডেলিভারি দেওয়া হবে ২৪ এপ্রিলের পর থেকে।/টেশ