মার্কিন জায়ান্ট গুগলের এক প্রকৌশলী চাকরি ছেড়ে যোগ দিয়েছিলেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারে। কিন্তু সেখানে গিয়ে গুগলের গোপন তথ্য উবারকে জানিয়ে ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।
ওই কর্মীর নাম অ্যান্থনি লিভানডস্কি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মঙ্গলবার শুনানির পর অ্যান্থনির বিরুদ্ধে ফেডারেল কোর্টে যে অভিযোগ দায়ের করা হয়েছে সেটি প্রমাণ হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গুগল ছাড়ার সময় তিনি স্বচালিত প্রযুক্তির গাড়ির গোপন কিছু তথ্য ও দস্তাবেজ হাতিয়ে নেন। উবারে যোগ দেবার পর তাদের স্বচালিত প্রযুক্তির গাড়ি তৈরির ক্ষেত্রে সেটি ব্যবহার করতে সরবরাহ করেন।
দুই বছর আগে গুগলের স্বচালিত গাড়ি ওয়েইমো এবং উবারের স্বচালিত গাড়ির এক ধরনের প্রতিযোগিতা চলছিল উদ্ভাবনে। তখনই অ্যান্থনির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল গুগল।
যুক্তরাষ্ট্রের জেলা জজ উইলিয়াম বলেছেন, তিনি এর আগে এমন গোপন দলিল সরানোর গুরুত্বর এমন ক্রাইম আর দেখেননি।
অ্যান্থনিকে ১৮ মাসের কারাদণ্ড ছাড়াও গুগলকে ৭ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে আদালত। আর তাকে জরিমানা করা হয়েছে আরও ৯৫ হাজার মার্কিন ডলার।
পুরো বিষয়টি সম্পর্কে অ্যান্থনির আইনজীবী কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি। / টেশ