ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে স্বয়ংক্রিয়ভাবে টু-স্টেপ ভেরিফিকেশন (2SV) প্রক্রিয়া চালু করছে গুগল। জিমেইলসহ গুগলের সব সার্ভিসে এই দ্বি-স্তর নিরাপত্তা পদ্ধতি পর্যায়ক্রমে চালু হবে। ৬ মে ‘বিশ্ব পাসওয়ার্ড দিবস’-এর দিনটিতে গুগল এই ঘোষণা দেয়।
এর আগে ব্যবহারকারী চাইলেই কেবল এই টু-স্টেপ নিরাপত্তার অপশন চালু করতে পারতো। এবার ব্যবহারকারী চাক বা না চাক, গুগলের পক্ষ থেকে টু-স্টেপ ভেরিফিকেশন যথযথভাবে চালুর জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা দেয়া হবে।
শুরুতেই দুইশো কোটি ব্যবহারকারীর কাছে টু-স্টেপ চালু সংক্রান্ত নির্দেশনা পৌঁছে গেছে। পর্যায়ক্রমে অন্যদের কাছেও যাবে।
টু-স্টেপ ভেরিফিকেশনের গুরুত্ব বুঝাতে গিয়ে গুগলের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মার্ক রিশার বলেন, “অনেকেই হয়তো জানেন না, শুধুমাত্র পাসওয়ার্ডের উপর নির্ভর হওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ যেকোনো ভাবে পাসওয়ার্ড বেহাত হতে পারে।”
সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন প্লাটফর্মের আইডি-পাসওয়ার্ড বেহাত ও ফাঁসের বড় কয়েকটি ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবচেয়ে কার্যকরী সমাধান হচ্ছে টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি। এই পদ্ধতি চালু করলে কেউ আইডি ও পাসওয়ার্ড জানলেই অ্যাকাউন্টের এক্সেস পাবে না। কারণ এ ক্ষেত্রে দ্বিতীয় স্তরের নিরাপত্তা তথ্য সংশ্লিষ্ট এক্সেসও থাকতে হবে।
সাধারণত দ্বিতীয় স্তরে ব্যবহারকারীর মোবাইল নাম্বারে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) বা অথেনটিকেশন অ্যাপে প্রদর্শিত তাৎক্ষণিক কোড প্রবেশ করাতে হয়। / টেশ