মার্কিনভিত্তিক অন্যতম বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। আজ ৫ জুলাই ২০২১ আনুষ্ঠানিকভাবে তিনি অব্যাহতি গ্রহণ করেছেন।
২৭ বছর আগে ১৯৯৪ সালের ৫ জুলাই নিজের বাড়ির গ্যারেজে আমাজন চালু করেন জেফ বেজোস। তবে এই সাবেক প্রধান অ্যামাজনের কার্যনির্বাহী সদস্য হিসেবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গেছে। এর পাশাপাশি মার্কিন এই বিজনেস ম্যাগনেট নতুন নতুন পণ্য ও সার্ভিস উদ্ভাবনেও কাজ করবেন।
অ্যামাজন শেয়ারহোল্ডারদের সর্বশেষ বৈঠকে বেজোস বলেন, আমরা এই দিনটি বেছে নিয়েছি, কারণ এটি আমার জন্য আবেগময়। ১৯৯৪ সালের এই দিনে অ্যামাজন করপোরেশন হিসেবে নিবন্ধিত হয়। যা এখন থেকে ঠিক ২৭ বছর আগের ঘটনা।
গত ফেব্রুয়ারিতে বেজোস বলেছিলেন, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সিইওর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। আর তার জায়গায় আসবেন আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ আমাজন ওয়েব সার্ভিসেসের প্রধান অ্যান্ডি জ্যাসি।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজনে গত ২৪ বছর ধরে কাজ করছেন অ্যান্ডি। যেখানে বেজোসের ভাষায়, ‘অ্যান্ডি একজন চমৎকার নেতা হবেন এবং আমার পূর্ণ আস্থা আছে তাঁর ওপর। আমি নিশ্চিত করে বলতে পারি, অ্যান্ডি এই বিশ্বকে কখনো টিপিক্যাল হতে দেবেন না।
এই দীর্ঘ সময়ে বেজোস নেতৃত্বের ক্ষেত্রে অনেক যুগান্তকারী উদাহরণের সৃষ্টি করেছেন। বেজোসের কাছে মুনাফা বা লাভ ছিল অনেক পরের বিষয়। তার মতে, যদি কোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে চায় তবে তাদের যেকোনো মূল্যে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে হবে।