এক সময়কার প্রতাপশালী প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কোনঠাসা হয়ে পরলেও নানা উপায় ও কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বর্তমানে অন্যান্য কোম্পানীর মতই হুয়াওয়ে ফাইভজি হ্যান্ডসেট নিয়ে বাজারে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু, মার্কিন নিষেধাজ্ঞার জেরে ফাইভজি উপযোগী চিপসেট আমদানি করতে পারছে না হুয়াওয়ে।
তারপরও কথা রটেছে যে, নিকট ভবিষ্যতে ফাইভজি হ্যান্ডসেট বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। খবরটি অবিশ্বাস্য শোনালেও ব্যাপারটি ‘অসম্ভবকে সম্ভব করা’র মতোই হবে।
যদিও মার্চে বাজারে আসা মেট ৪০ই মডেলের স্মার্টফোনে ফাইভজি বান্ধব চিপ সীমিত পরিসরে হলেও জারি রেখেছে হুয়াওয়ে। এদিকে, এর পরে বাজারে আসা বড় বাজেটের আরেকটি মডেলে (মেট ৫০) কিন্তু ফোরজিই ব্যবহার হচ্ছে। এ কারণে ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞার আগে সরবরাহ করা চিপ ব্যবহার করেই এমনটি করা হচ্ছে। তবে ব্যাপকভাবে যে ফাইভজি চিপ এখনই হুয়াওয়ে ব্যবহার করতে পারবে না, এটা অন্তত নিশ্চিত।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশ থেকে চিপ সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের কর্মকর্তা পরিচয়ে সম্প্রতি এক ব্যক্তি দাবি করেন, হুয়াওয়ে ফাইভজি হ্যান্ডসেট নিয়ে আবারো বাজারে ফিরতে যাচ্ছে। যদি এই কথা সত্য হয়, তাহলে এটাও ঠিক যে, হয়তো হুয়াওয়ে ফাইভজি চিপের বিকল্প জোগানের উপায় বের করেছে! যেহেতু কথাটি নির্ভরযোগ্য সূত্র থেকে আসেনি, সেহেতু এটাকে স্রেফ ধারণার বাইরে বেশি কিছু মনে করাটাও এই মুহূর্তে ঠিক হবে না।