সৃজনশীলতাকে প্রাধান্য দিয়ে নতুন সব সৃজনশীল আইডিয়া তৈরি করার লক্ষ্যে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাব 'সাউথইস্ট বিজনেস ইনোভেশন ফোরাম' প্রথমবারের মতো আয়োজন করেছে ন্যাশনাল ইনোভেটিভ আইডিয়া জেনারেশন কম্পিটিশন 'ইনজিনিয়াস ২১.০'।
বুধবার ভার্চুয়ালি এই প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকে উত্তীর্ণদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন নতুন সৃজনশীল আইডিয়া উপস্থাপন করছেন। এই প্রতিযোগিতায় আবেদনের সময়সীমা ছিল ২৩শে নভেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, সেন্ট জোসেফ কলেজ সহ বাংলাদেশের স্বনামধন্য ৭ টি কলেজ থেকে মোট ৪৭ টি টিম। অনলাইনের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় ২৬ (কলেজ ছাত্রছাত্রীদের) ও ২৭ নভেম্বর (বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের)।
ভার্চুয়াল অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার তানভীর আজম চৌধুরী, প্রাণ ডেইরি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানজার ও বিজনেস ইউনিট হেড মো. মাকসুদুর রহমান, সাউথইস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও ডিরেক্টর অব আইআরটি ড. ফারহানা ফেরদৌসী।
ফাইনাল রাউন্ডের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ১ম বিজয়ী টিম পাবেন দশ হাজার টাকা পুরস্কার, গিফ্ট ভাউচার, সার্টিফিকেট এবং ক্রেস্ট। এছাড়াও ২য় এবং ৩য় বিজয়ী পাবেন গিফ্ট ভাউচার, সার্টিফিকেট ও ক্রেস্ট।
কলেজ থেকে অংশগ্রহণকারী ৩ বিজয়ী টিম পাবেন আকর্ষনীয় পুরষ্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট। এই প্রতিযোগিতার মিডিয়া সহযোগী হিসেবে আছে 'সমকাল', সম্প্রচার সহযোগী 'নেক্সাস টেলিভিশন'। এছাড়া উপহার সহযোগী হিসেবে আছে 'বানাও' ও 'স্টার লেজার হাউস'। সার্বিক সহযোগিতায় আছে ' সাউথইস্ট বিশ্ববিদ্যালয়'। / সংবাদ বিজ্ঞপ্তি