চলতি মাসেই চালু হওয়ার কথা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘ট্রুথ সোশ্যাল’। অ্যাপল ইনক করপোরেশনের অ্যাপ স্টোরের তালিকা থেকে এ তথ্য জানা গিয়েছিল। রোববার এই ট্রুথ সোশ্যাল অ্যাপলের অ্যাপ স্টোরে চালু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্যরাত পর্যন্ত এই অ্যাপ সহজেই ডাউনলোড করা যাচ্ছিল। তবে যারা আগেই এটি অর্ডার করে রেখেছেন তাদের ডিভাইসে এটি ডাউনলোড হয়েছে।
তবে কিছু ব্যবহারকারী এই অ্যাপ নিবন্ধন করতে সমস্যায় পড়েছেন। যদিও অ্যাপের পক্ষ থেকে তাদের ফিরতি মেসেজে জানানো হয়েছে, এই ট্রুথ সোশ্যালের ব্যাপক চাহিদার কারণে বেশ বড় সংখ্যক ব্যবহারকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
এর আগে রয়টার্স জানিয়েছিল পরীক্ষামূলক অবস্থায় শুধু আমন্ত্রিত ব্যক্তিরা এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।
গত বছরের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে সমর্থকদের হামলার পর ফেসবুক, টুইটারসহ বেশ কয়েকটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা হয়। এরপরই নিজস্ব অ্যাপ ট্রুথ সোশ্যাল বাস্তবায়নে তোড়জোড় শুরু করেন ট্রাম্প।