ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে মামলা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে র্যাব সদরদফতরের একটি সূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
জব্দকৃত আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত ২টা থেকে রাত ৪টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের অফিসে অভিযান শুরু করে র্যাব। এ সময় টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে বলে জানান র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। আইপি টেলিভিশনের বৈধ্য কাগজপত্র না থাকায় বিটিআরসি আইনে মামলা হবে বলেও জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বলেন, ‘রাতে গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়যাত্রা নামে তার একটি আইপি টেলিভিশন রয়েছে। তার দেয়া তথ্যমতে মিরপুরে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র ছিল না।
এর আগে, গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয়। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।