মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী শেরপুরের আলবদর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের রায় আগামীকাল-সোমবার দিন ঠিক করেছে আপিল বিভাগ।
রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস সাংবাদিকদের এ তথ্য দেন।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় মামলাটি রয়েছে।
গত বছরের ৯ মে ময়মনসিংহের আল-বদর প্রধান কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে হত্যা ও গণহত্যার দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অন্য দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকটিতে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
গত বছরের ৬ জুন ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করেন কামারুজ্জামান। আর ট্রাইব্যুনালে আসামির সর্বোচ্চ শাস্তির আদেশ হওয়ায় রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করেনি।
সুপ্রিম কোর্টে আপিল দাখিলের পর চলতি বছর ৫ জুন শুনানি শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর শেষ হয়। এরপর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে আপিল বিভাগ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা তৃতীয় আপিলের রায় এটি।
এর আগে আপিল বিভাগে কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হয়। এর মধ্যে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেন।
পরে গত বছরের ডিসেম্বরে তার দণ্ড কার্যকর হয়। আর সাঈদীর আপিলের রায়ে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।