গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানা মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার দুপুরে হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম ও আশিষ রঞ্জন দাশের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
তবে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও কারখানা মেরামতের জন্য টাকা উত্তোলন করা যাবে।
এছাড়াও দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেয়া হবে না? রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টাম্পাকো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে এবং তহবিল সংগ্রহে কারখানা মালিকের ব্যাংক হিসাব জব্দের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়ে ১৯ সেপ্টেম্বর একটি রিট আবেদন করে ৩টি সংগঠন।