মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার শুনানি চলছে আদালতে। এ সময় কাঠগড়ায় মোবাইলে কথা বলছেন কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ।
সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণের সময় মোবাইলে কথা বলতে দেখা যায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে। তার কথা বলার একটি ছবি গণমাধ্যমে পৌঁছানোর পর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল।
ছবিতে দেখা যাচ্ছে, আদালতের কাঠগড়ার ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইলে কথা বলছেন বরখাস্ত ওসি প্রদীপ। তার কথা বলার সময় আশপাশে কয়েকজন ব্যক্তিকে দাঁড়ানো দেখা গেছে।
বিষয়টি নিয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সিনহা হত্যা মামলার এই আসামি মোবাইলে একের পর এক কথা বলেছেন। তার পরনে কালো পোলো শার্ট ছিল।
জানা গেছে, বরখাস্ত ওসি প্রদীপকে কথা বলার জন্য মোবাইলটি সরবরাহ করেছিলেন সেখানেই দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল।
বিচার বিভাগীয় বাতায়নে আদালতের আচরণবিধিতে বলা হয়েছে, আদালত চলাকালীন মোবাইল বন্ধ রাখতে হবে। অর্থাৎ, আদালতে মোবাইল ব্যবহার করা যাবে না। / আরটিভি